জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার সংক্রান্ত এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তাঁর বক্তব্যের পরই শুরু হয় তীব্র হট্টগোল।
বিরোধী দলের এক সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়।” এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে আসন থেকে দাঁড়িয়ে হৈচৈ শুরু করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বারবার শান্ত হওয়ার আহ্বান জানালেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই নিজের বক্তব্য শেষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরবর্তীতে বিষয়টি নিয়ে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিরোধী দলের প্রতি তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, “উনি নিজেকে কী মনে করেন?”
ডা. শফিকুর রহমান বলেন, সংসদের মর্যাদা ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ারও দাবি জানান তিনি। তাঁর ভাষায়, “ওনার কথা এক্সপাঞ্জ করতে হবে। দুঃখ প্রকাশ করতে হবে। তা না হলে আমরা এখানে বসব না।”
জবাবে স্পিকার জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যদি কোনো অসংসদীয় শব্দ বা মন্তব্য থেকে থাকে, তবে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। তবে স্পিকারের এই ব্যাখ্যাতেও সন্তুষ্ট হননি বিরোধী দলীয় নেতা। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে গিয়ে স্পিকারের একটি মন্তব্য নিয়েও আপত্তি তোলেন তিনি।
এ ঘটনায় অধিবেশনের প্রথম দিনেই সংসদে রাজনৈতিক উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ও তা ঘিরে বিরোধী দলের প্রতিক্রিয়া সংসদে দীর্ঘ সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে।
সূত্র: বিবিসি
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর