ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান ও মিশর। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে দুই দেশ।
রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির মধ্যে ফোনালাপে এ অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ফোনালাপে দুই মন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পাকিস্তান, মিশর, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে গঠিত ‘আর-৪’ কাঠামোর আওতায় সহযোগিতা জোরদারের বিষয়েও কথা বলেন তারা। আঞ্চলিক সমস্যা নিয়ে সমন্বয় বাড়াতে পরবর্তী বৈঠকের অপেক্ষায় থাকার কথা জানান দুই মন্ত্রী।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও ফোনে কথা বলেছেন। তারা আঞ্চলিক পরিস্থিতি এবং বাগদাদে চলমান ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠক নিয়ে আলোচনা করেন।
আঞ্চলিক সংকট মোকাবিলায় সংলাপ ও কূটনীতি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন দার। দুই নেতা যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।
সূত্র: আনাদোলু এজেন্সি
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর