ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে কূটনৈতিক পর্যায়ে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি সামনে রেখে নতুন একটি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। পাশাপাশি চুক্তি নবায়ন বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে এবং তাদের প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।
তিস্তা প্রকল্প প্রসঙ্গে ড. খলিলুর রহমান জানান, প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। এই মূল্যায়ন শেষ হলে প্রকল্পের পরবর্তী ধাপের বাস্তবায়ন নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশগত ভারসাম্য এবং জলবায়ু সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রেখে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের পানিসম্পদ-সংক্রান্ত স্বার্থ রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে।
সরকার অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে বলেও সংসদকে আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর