• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৪:০৮ দুপুর

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী সরকারকে সে পথ থেকে ফেরানোর চেষ্টা করছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী, বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। সেখানে নির্বাচিত সরকারকে ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের কথা উল্লেখ ছিল। কিন্তু ক্ষমতায় এসে সরকার সনদ বাস্তবায়ন থেকে দূরে সরে যাচ্ছে এবং এখন এটি অস্বীকার করার চেষ্টা করছে।

তিনি বলেন, সেপ্টেম্বরে ১৮০ দিন পূর্ণ হবে। আমরা আশা করব, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অধিবেশন ডেকে তা বাস্তবায়ন করবে। অন্যথায় দেশের জনগণকে সঙ্গে নিয়ে সনদ বাস্তবায়নে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সব উন্নয়ন কর্মকাণ্ডে দলীয়করণ করা হচ্ছে। এটি অসাংবিধানিক। নির্বাচিত সরকার থাকা অবস্থায় প্রশাসক নিয়োগের পরিবর্তে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। এতে জনগণের ভোগান্তি কমবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে একজন মন্ত্রী আছেন, যিনি সব বিষয় নিয়ে কথা বলেন। তিনি জাতীয় সংসদের বিরোধী দলকে ছোট করে বক্তব্য দেন। অথচ তাঁর নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে তাঁর খেয়াল নেই।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না। সবদিকে শুধু সরকারদলীয় লোকদের মারামারি দেখা যাচ্ছে। দেশে উন্নয়নের বৈষম্য চলছে এবং বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সুষম বরাদ্দ দেওয়া হচ্ছে না।

বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়ন কার্যক্রম তদারকিতে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্য তাঁর এলাকায় উন্নয়নকাজ করবেন, উদ্বোধন করবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন—এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এটি বেমানান এবং এর মাধ্যমে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আরও খাটো করা হচ্ছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। তাহলে সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকাতেও তাদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হোক।

এর আগে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, মজলিসে শূরা সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরে বিকেল ৩টায় কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে অঞ্চল পরিচালক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার ও অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]