সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ ধরনের অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জে বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিগত ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁর অভিযোগ, পরবর্তী দেড় বছরে অন্তর্বর্তী সরকারের সময়েও দেশের ক্ষতি হয়েছে। নির্বাচন না হওয়া এবং দেশে অস্থিরতা বজায় রাখার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন চেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্যের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট যাদের তিনি ‘বট বাহিনী’ হিসেবে উল্লেখ করেন, তারা এসব অপতথ্য ছড়াচ্ছে। এ পরিস্থিতিতে প্রকৃত তথ্য তুলে ধরা এবং মানুষকে বিভ্রান্তির হাত থেকে রক্ষায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
বকশীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন।
অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের জন্য সরকারি সহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদানের চেক, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেক এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর