শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। জব্দ করা এসব মদের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
শনিবার (২৯ আগস্ট) নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা-পোড়াবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই সীমান্ত এলাকায় বিজিবি অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করে।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়ন সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের দুই উপজেলায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মদগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় মোট ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মাদক নির্মূলে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি আরো বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোরতা অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর