কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে চকরিয়া পৌরসভার সায়মা প্লাজা থেকে সাদা পোশাকে আসা একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পরিবারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় আলমগীর চৌধুরীকে আসামি করা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনও নিয়েছিলেন। এরপরও তাকে গ্রেপ্তার করায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
আলমগীর চৌধুরীর ভাই বিটু বলেন, ‘বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পরও আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আমাদের কাছে বিস্ময়কর।’
তবে পুলিশের দাবি, উচ্চ আদালত থেকে জামিন পেলেও সংশ্লিষ্ট নিম্ন আদালতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে প্রেস জামিন নেওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উচ্চ আদালতের জামিনের বিষয়টি নিম্ন আদালতে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে কি না, তা নিশ্চিত না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও আলমগীর চৌধুরী আসামির তালিকায় রয়েছেন বলে জানান ওসি।
তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই মামলার বাদী ইতোমধ্যে আদালতে আপসনামা দিয়েছেন। ফলে ওই মামলায় আলমগীর চৌধুরীকে আসামি হিসেবে রাখার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর