এত দিন শুধু পঞ্চম গ্রেডের সরকারি কর্মচারীরা মোবাইল ভাতা পেলেও এখন থেকে সব গ্রেডের কর্মচারী এ সুবিধার আওতায় আসছেন। ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের ব্যয় বিবেচনায় নিয়ে মোবাইল ভাতার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। নতুন বেতন স্কেল অনুযায়ী সব গ্রেডের সরকারি কর্মচারীকে মোবাইল ভাতার আওতায় আনা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দিন কেবল পঞ্চম গ্রেডের কর্মচারীদের জন্য মোবাইল ভাতা প্রযোজ্য ছিল। তবে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এখন সব গ্রেডের সরকারি কর্মচারীকে এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধাপে ধাপে বাস্তবায়ন
জাতীয় বেতন স্কেল-২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে সরকারি কর্মচারীদের জন্য ধাপে ধাপে কার্যকর করা হবে। বেতন স্কেল বাস্তবায়নে সরকারের আর্থিক ব্যয় এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
নতুন বেতন স্কেলের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীসহ অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর