দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা করা হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৯ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। এরপর ৩১ আগস্ট আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়। সর্বশেষ বুধবারের কমানোসহ তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা।
অন্যদিকে, ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৯৩ টাকা কমিয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯১ টাকা করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর