পাকিস্তানে আটক হওয়ার ঘটনায় আলোচিত ভারতীয় যুদ্ধবিমান পাইলট অভিনন্দন বর্তমান ভারতীয় বিমানবাহিনীর চাকরি ছেড়ে বেসরকারি বিমান সংস্থায় যোগ দিয়েছেন। প্রায় ২২ বছর সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পর এবার যাত্রীবাহী বিমান চালাবেন তিনি।
২০১৯ সালে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সময় অভিনন্দনের যুদ্ধবিমান ভূপাতিত হয়। এরপর তাকে আটক করে পাকিস্তানি সেনারা। ঘটনার তিন দিন পর তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনী থেকে আগাম অবসর নিয়ে অভিনন্দন এখন বাণিজ্যিক পাইলট হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেছেন। তিনি গোয়াভিত্তিক আঞ্চলিক বেসরকারি এয়ারলাইনস ফ্লাই৯১-এ যোগ দিয়েছেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাবেক গ্রুপ ক্যাপ্টেন ও বীর চক্র পদকপ্রাপ্ত অভিনন্দন গত আগস্টে ফ্লাই৯১-এ পাইলট হিসেবে যোগ দেন। বিমানবাহিনীতে দীর্ঘ ২২ বছরের কর্মজীবন শেষে তিনি এই নতুন পেশায় যুক্ত হলেন।
তবে নতুন কর্মজীবন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনন্দন বর্তমান। ফ্লাই৯১-এর এক মুখপাত্রও তার কর্মসংক্রান্ত তথ্য নিশ্চিত করতে বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে রাজি হননি। তিনি বিষয়টিকে ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর