• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৮ রাত

হোটেলে ‘সাইবার আস্তানা’, বিপুল সংখ্যক আইফোনসহ ৬ চীনা আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ছয়জন চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত ওয়াকিটকির মতো বিশেষ যোগাযোগ সরঞ্জাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অহিদুর রহমান শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার পুলিশের দেওয়া তথ্য এবং রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে কক্সবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সি-প্যালেস হোটেল থেকে ছয়জন চীনা নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে অন্তত আড়াই শতাধিক বিদেশি নাগরিক জড়িত থাকতে পারেন। তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এ বিষয়ে তদন্ত চলছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দুটি হোটেল ভাড়া নিয়ে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক অবস্থান করছেন। তাদের একটি অংশ অনলাইনভিত্তিক বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। আটক ছয়জনও ওই চক্রের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সূত্রটি আরও জানায়, বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপ উদ্ধারের বিষয়টি তদন্তকারীদের বিশেষভাবে ভাবিয়ে তুলেছে। এসব ডিভাইস কী কাজে ব্যবহার করা হতো, কোন কোন দেশে বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হতো এবং এর মাধ্যমে কী ধরনের অনলাইন কার্যক্রম পরিচালিত হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার করা বিশেষ যোগাযোগ সরঞ্জামগুলোর ব্যবহার ও উৎসও তদন্তের আওতায় নেওয়া হয়েছে।

হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষের ভাষ্য, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালালে তাদের কয়েকজনকে আটক করা হয়। তবে হোটেল কর্তৃপক্ষের দাবি, অতিথিরা কী ধরনের কার্যক্রম পরিচালনা করছিলেন, সে বিষয়ে তারা অবগত ছিলেন না।

এদিকে, কক্সবাজারে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের অবস্থান এবং তাদের সঙ্গে আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের যোগসূত্রের বিষয়টি সামনে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ বলছে, তদন্তে আরও বিদেশি নাগরিকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কক্সবাজারের বিভিন্ন হোটেলে অবস্থানরত বিদেশি নাগরিকদের কর্মকাণ্ডও নজরদারিতে রাখা হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]