যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) এবং লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। সম্পর্কে তারা আপন ফুফু ও ভাতিজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোরগামী গড়াই পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আমজেদ ও আছিরন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারীরা গাড়ি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার জানান, হাসপাতালে আনার আগেই আমজেদ গাজীর মৃত্যু হয়। গুরুতর আহত আছিরন বিবি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক ও সহকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর