দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখনই বিএনপি দেশের হাল ধরেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো লুকিয়ে বা গুপ্তভাবে কোনো কর্মকাণ্ড করেনি। জনগণের অধিকার আদায়ে দলটি সবসময় রাজপথে ছিল। দেশে ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি সরকার গঠন করেছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। এ সংকটের সমাধানে সরকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে তা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। ভবিষ্যতে যেন এ ধরনের সংকট তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের আমলে তৈরি সমস্যা হোক কিংবা অন্তর্বর্তী সরকারের সময়ের সৃষ্টি সমস্যা হোক- সবগুলো সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকেরই নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।
বিএনপির রাজপথের আন্দোলনের প্রসঙ্গ তুলে দলটির চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের আমলে একটি দল গুপ্ত অবস্থায় ছিল। এখন তারা বাইরে এসে নিজেদের পরিচয় দিচ্ছে। এমনও হতে পারে, গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।
তারেক রহমান আরও বলেন, যারা গুপ্ত অবস্থায় রয়েছে, তারাই স্বৈরাচারকে সামনে আনার চেষ্টা করছে। একজন আরেকজনকে গুপ্ত রাখার চেষ্টা করছে। কে কাকে গুপ্ত রাখতে চাইছে, তা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর