সংসদীয় পথ এড়িয়ে মাত্র ছয় মাসের মধ্যে রাজপথে ‘লংমার্চ’ কর্মসূচির মাধ্যমে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করেন, বিরোধী দল লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করছে। তার দাবি, প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়া অপরাধমূলক কর্মকাণ্ডের শামিল। এসব বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধীরা সেটিকে দমন-পীড়ন হিসেবে প্রচার করে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, জ্বালানি সংকট নিয়ে তারা শুধু সরকারের সমালোচনা করছে, কিন্তু সংকট মোকাবিলায় কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। সংসদে আলোচনা না করে রাজপথে আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক বিষয়গুলো বিরোধীরা জনগণের সামনে তুলে ধরছে না বলেও দাবি করেন রিজভী। তার মতে, সরকারের বিভিন্ন অর্জন আড়াল করতেই বিরোধী দল ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
রিজভী আরও বলেন, সরকার ব্যর্থ- এমন দাবি করে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ মানুষ তাদের ভূমিকা ইতিবাচকভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা হিসেবে সংসদে দাবি ও প্রস্তাব উত্থাপনের পরিবর্তে রাজপথের কর্মসূচিকে বেছে নেওয়া হয়েছে, যা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আড়াল করার অপচেষ্টা।
সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান রিজভী। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানানো সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলতে হবে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর