ইতালির মেস্ট্রেতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ তুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে হেনস্তাকারীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিত এ নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ২ দফা দাবি জানানো হয়।
দাবিগুলো হলো- ইতালির বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করে হামলাকারী নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং প্রবাসে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারী এই সন্ত্রাসী চক্রের পাসপোর্ট বাতিলসহ কূটনৈতিক পর্যায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ।
এর আগে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালির ভেনিসে বাংলাদেশী মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এর সন্ত্রাসী হামলা, হেনস্তা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, গায়ে পানি ছুড়ে মারা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ডাকসু।
এতে আরও বলা হয়, জুলাই বিপ্লবে বাংলাদেশে জনগনের সম্মিলিত সংগ্রামের কাছে রাজনৈতিক পরাজয়ের ক্ষোভ মেটাতে বিদেশের মাটিতে একজন সম্মানিত বাংলাদেশী নারীকে 'জুলাই জঙ্গি' অ্যাখ্যা দিয়ে এভাবে মব আক্রমণ চালানো এদের দেউলিয়াত্ব ও সন্ত্রাসী মনোভাবেরই বহিঃপ্রকাশ। দেশে ফ্যাসিবাদের পতনের পর বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ও অপশক্তি এভাবে বাংলাদেশের সাধারণ ও সম্মানিত নাগরিকদের ওপর আক্রমণের ধৃষ্টতা দেখাচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর