জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে সড়ক সংস্কারের কাজ চলাকালে মাটির প্রায় ছয় মিটার নিচে আবিষ্কৃত হয়েছে ১০ম শতকের বিরল মৃৎপাত্রের একটি ভাণ্ডার। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এগুলো মধ্যযুগীয় কোনো মৃৎশিল্প কর্মশালার অংশ হতে পারে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরের প্রধান সড়ক রুস্তাভেলি অ্যাভিনিউয়ের সংস্কারকাজের সময় এই প্রত্নসম্পদের সন্ধান পাওয়া যায়। চলতি গ্রীষ্মে শুরু হওয়া প্রকল্পের আওতায় পথচারীদের চলাচল সহজ করা, নতুন ক্রসিং নির্মাণ এবং সড়কের অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
সংস্কারকাজে নগরবাসীর কিছুটা ভোগান্তি তৈরি হলেও গবেষকদের কাছে এটি অতীত উন্মোচনের গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠেছে। উদ্ধার হওয়া মৃৎপাত্রগুলোর অলংকরণ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ১০ম থেকে ১১শ শতকের মধ্যবর্তী সময়ের।
সেই সময়ে তিবিলিসি আরব শাসনের অধীনে ছিল এবং সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। শহরের কেন্দ্রস্থলে পাওয়া এসব নিদর্শন তৎকালীন অর্থনীতি, কারুশিল্প ও নগরজীবন সম্পর্কে নতুন তথ্য দিতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

জর্জিয়ার ন্যাশনাল মিউজিয়ামের পরিচালক ডেভিড লর্ডকিপানিদজে বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ তিবিলিসিতে বিভিন্ন যুগের মৃৎশিল্প কর্মশালার সন্ধান পাওয়া অস্বাভাবিক নয়। তার ভাষায়, মধ্যযুগে তিবিলিসি ছিল একটি বহুসাংস্কৃতিক নগরী এবং সমগ্র অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র।
প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, উদ্ধার করা মৃৎপাত্র ও অন্যান্য নিদর্শন ন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। সেখানে থ্রিডি স্ক্যানিংসহ বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এগুলোর বয়স, ব্যবহার এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আরও নির্ভুল তথ্য জানা যাবে।
ইতিহাসবিদদের মতে, তিবিলিসির প্রতিষ্ঠা চতুর্থ শতকে। পরবর্তী সময়ে উমাইয়া ও আব্বাসীয় খেলাফত, সেলজুক সাম্রাজ্য, মঙ্গোল, পারস্য এবং রুশ শাসনের প্রভাব শহরটির সংস্কৃতি ও স্থাপত্যে গভীর ছাপ ফেলেছে।
‘তিবিলিসি’ নামের অর্থ ‘উষ্ণ স্থান’। শহরটির আশপাশের পাহাড় থেকে প্রবাহিত উষ্ণ সালফারযুক্ত পানির উৎসের সঙ্গে এই নামের সম্পর্ক রয়েছে। চলমান খননকাজের সময় এসব ভূগর্ভস্থ জলধারার কিছু অংশও দৃশ্যমান হয়েছে।
এদিকে সংস্কারকাজ নির্ধারিত সময়ে শেষ করতে শ্রমিকেরা রাতেও কাজ চালিয়ে যাচ্ছেন। তিবিলিসি সিটি কর্তৃপক্ষ নভেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি খননকাজের সময় অ্যাসবেস্টস পাওয়া গেছে—এমন অভিযোগেরও তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর