প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আরও দ্রুত, সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেখানে অনলাইনে আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ রয়েছে। দূতাবাস আবেদন গ্রহণ করলেও পাসপোর্ট ইস্যু করা হয় ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে। এ কারণে দ্রুত পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করতে বিদেশস্থ মিশনগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয় করে যাচ্ছে।
তিনি জানান, পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে অবহিত করা হয়।
ড. খলিলুর রহমান বলেন, বর্তমানে ১৭টি দেশের ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম চালু রয়েছে। যদিও আবেদন গ্রহণ করা হয় দূতাবাসে, এনআইডি প্রদান করে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে ৪১টি দেশে এ সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিদের সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে বিশেষ কর্মসূচির আওতায় ঢাকা থেকে কারিগরি দক্ষতাসম্পন্ন দল পাঠিয়ে পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কনস্যুলার সেবা সহজ করতে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সেবাগ্রহীতারা অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ সংগ্রহ করতে পারছেন, যা সময়, খরচ ও ভোগান্তি কমাতে সহায়তা করছে।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি সমন্বিত অনলাইন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া, বিদেশে অবস্থিত প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। অভিযোগ দ্রুত নিষ্পত্তি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের প্রশ্নের দ্রুত উত্তর নিশ্চিত করতে এ ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর