লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারল না ইন্টার মায়ামিকে। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিল এসসির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে নাটকীয় ২-২ ড্র করেছে মায়ামি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একসময় ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্যাম সারিজের গোল মায়ামির জয় কেড়ে নেয়।
ম্যাচের শুরুতেই ন্যাশভিলকে এগিয়ে দেন সারিজ। অ্যান্ডি নাজারের পাস থেকে মায়ামির রক্ষণভাগ ভেঙে বল জালে পাঠান তিনি। এরপর মেসির নেয়া একটি বিপজ্জনক কর্নার কিক প্রতিপক্ষের রিড বেকার-হোয়াইটিংয়ের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে মায়ামি।
দ্বিতীয়ার্ধের এক ঘণ্টা পেরোনোর পর আবারও জ্বলে ওঠেন মেসি। রদ্রিগো দে পলের সঙ্গে দারুণ সমন্বয়ের পর প্রায় ২০ গজ দূর থেকে নিচের কোনা লক্ষ্য করে নিখুঁত শটে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা।
মনে হচ্ছিল, মেসির গোলেই গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করতে যাচ্ছে মায়ামি। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আবারও গোল করেন সারিজ। কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে মায়ামির রক্ষণভাগের দুর্বল মার্কিংয়ের শাস্তি দেন তিনি। ফলে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মায়ামিকে।
ন্যাশভিলের বিপক্ষে করা গোলটি ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির ৯৯তম গোল। চলতি লিগে এটি তার ১৯তম গোল, যার ফলে এমএলএস গোল্ডেন বুটের দৌড়ে তিনি এককভাবে শীর্ষে রয়েছেন।
ম্যাচের প্রথমার্ধেও মেসির একটি শট পোস্টে লেগে ফিরে আসে। পুরো ম্যাচেই আক্রমণভাগে সক্রিয় ছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে তার ব্যক্তিগত নৈপুণ্য শেষ পর্যন্ত মায়ামির রক্ষণভাগের আরেকটি ভুলের কারণে পূর্ণতা পেল না।
এই ড্রয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে মায়ামি। ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে রয়েছে গিলের্মো হয়োসের দল। ন্যাশভিলের বিপক্ষে জয় পেলে শীর্ষস্থানের ব্যবধান কমানোর দারুণ সুযোগ ছিল তাদের। কিন্তু শেষ মুহূর্তের গোলে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। অন্যদিকে ড্র করেও শীর্ষস্থান ধরে রেখেছে ন্যাশভিল। মায়ামির সঙ্গে নয় পয়েন্টের ব্যবধান অক্ষুণ্ন রয়েছে তাদের।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর