ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের ( IQAC) উদ্যোগে “Induction Workshop for Newly Recruited Faculty Members” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর( শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ড. শাদাত আলী কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সকালে কর্মশালা উদ্বোধন করেন।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শ্রেণিকক্ষে পাঠদানের দক্ষতা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, আচরণবিধি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কেও ধারণা লাভের জন্য নবীন শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতার কোনো নির্দিষ্ট সীমারেখা থাকেনা। তাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করা প্রয়োজন। বিভিন্ন প্রশাসনিক সেকশন থেকে সেবা নেওয়ার পদ্ধতি সম্পর্কেও শিক্ষকদের স্পষ্ট জ্ঞান থাকা দরকার। নিজেদের লেকচার নোট আপডেট এবং কোর্স ডিজাইন আধুনিকায়নের মাধ্যমে পাঠদানকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বিভিন্ন বিভাগের ৫৮ জন নবীন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর