পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে দেশে মাদক ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা মাদক পাচারের পরিকল্পনা করছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন স্থানে মাদক পৌঁছে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, মাদক এখন আর শুধু খুলনার সমস্যা নয়, এটি সারা দেশের সমস্যা। এ কারণে সারা দেশে ডোপ টেস্টের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী।
সন্ত্রাস দমন প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না। মানবাধিকার নিশ্চিত করে প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাস দমন করা হবে।
সরকারের কার্যক্রম নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। রাষ্ট্রের দীর্ঘদিনের সমস্যা ও ‘আবর্জনা’ পরিষ্কার করতে সরকারকে সময় দিতে হবে। রাষ্ট্র ব্যবস্থায় যে পচন ধরেছে, তা নিরসনের চেষ্টা চলছে।
মন্ত্রী আরও বলেন, ছয় মাসের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করছে।
খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর