প্রকল্পের মেয়াদ শেষে চাকরি হারানোর অনিশ্চয়তা, কর্মসংস্থানের নিরাপত্তাহীনতা ও যথাযথ মর্যাদা না পাওয়ার অভিযোগ তুলে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন নেত্রকোনার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) শিক্ষকরা। প্রকল্পনির্ভর কর্মসূচির পরিবর্তে চাকরির স্থায়ী নিরাপত্তা, ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিতের দাবি জানিয়েছেন তাঁরা।
‘প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই; অনিশ্চয়তা নয়, চাকরির নিরাপত্তা চাই; অবহেলা নয়, শিক্ষকের ন্যায্য মর্যাদা চাই’—এমন স্লোগান সামনে রেখে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা শহরের হোসেনপুর মডেল মসজিদ প্রাঙ্গণে জেলা কমিটির উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের নেত্রকোনা জেলা কমিটির সহসভাপতি মাওলানা ইখলাস উদ্দিন। জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম মিশু।
সভায় বক্তব্য দেন জেলা কমিটির নেতা রোকেয়া আক্তার, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মাসুদ হোসাইন ও আবুল কাশেম আকন্দ।
বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং সাধারণ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ তাঁদের চাকরির ভবিষ্যৎ, কর্মসংস্থানের নিশ্চয়তা ও সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা বিরাজ করছে।
তাঁরা বলেন, একের পর এক প্রকল্প গ্রহণ করে এ কর্মসূচি পরিচালনা করলেই শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রকল্পের মেয়াদ শেষ হলে শিক্ষকদের কর্মজীবনও অনিশ্চয়তার মুখে পড়ে। তাই শিক্ষকদের চাকরির স্থায়িত্ব, ন্যায্য অধিকার, আর্থিক নিরাপত্তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মউশিক শিক্ষকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের নিশ্চয়তা এবং একটি সুসংগঠিত প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর