প্রায় চার দশক ধরে চলা জমি বিরোধের সমাধান চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন তাঁর স্কুলজীবনের পুরনো সহপাঠী ৮১ বছর বয়সী আসগর আলি বোহরা। মুম্বাইয়ের মিরা রোডের বাসিন্দা বোহরা এ ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের ভাদনগরের বিএন স্কুলে পড়ার সময় আসগর আলি বোহরা ও নরেন্দ্র মোদি সহপাঠী ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বোহরা জানান, জমি বিরোধের সমাধানের জন্য তিনি বছরের পর বছর বিভিন্ন সরকারি দপ্তর ও পুলিশের কাছে ঘুরেছেন। এবার তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।
বোহরার দাবি, ভাইয়ান্ডার ইস্টের নাভঘরে প্রায় ২ হাজার ৮১০ বর্গমিটার জমি নিয়ে বিরোধের সূত্রপাত। ১৯৮৯ সালে নিবন্ধিত চুক্তির মাধ্যমে তিনি ওই সম্পত্তি কিনেছিলেন বলে দাবি করেন। তবে ২০১১ সালে জমিটি বেআইনিভাবে দখল করে নেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
এ ঘটনায় তিনি ‘স্বয়ম বিল্ডার্স’ ও ‘সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস’ নামে দুটি নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বোহরার দাবি, মূল মালিককে অন্ধকারে রেখে জাল দলিল তৈরি করে জমিটি দুই ভাগে বিভক্ত করা হয় এবং পরে ওই দুই প্রতিষ্ঠানের নামে নামজারি করা হয়।
এই ঘটনায় স্থানীয় বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার নামও জড়িয়েছেন বোহরা। তাঁর দাবি, ‘সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস’-এর সঙ্গে মেহতার যোগাযোগ রয়েছে।
২০১৫ সালে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন বোহরা। এরপর কয়েক বছর ধরে পুলিশ, রাজস্ব বিভাগ ও পৌরসভার বিভিন্ন দপ্তরে ঘুরেও সমস্যার সমাধান পাননি তিনি। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনও তৎপর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর এ বিষয়ে বিশেষ শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। সেখানে ‘স্বয়ম বিল্ডার্স’ ও ‘সেভেন ইলেভেন কনস্ট্রাকশন্স’-এর প্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘ কয়েক দশকের আইনি লড়াইয়ের পর পুরনো স্কুলসঙ্গী মোদির হস্তক্ষেপে জমি বিরোধের অবসান হবে—এমন আশাই করছেন ৮১ বছর বয়সী আসগর আলি বোহরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর