পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি জামায়াত-শিবিরের এত ভালোবাসা থাকলে তাদের বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন রাশেদ খান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জামায়াত-শিবির বাংলাদেশকে আবারও পাকিস্তানের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
রাশেদ খান তাঁর পোস্টে দাবি করেন, ভবিষ্যতে জামায়াত-শিবির ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানানোর চেষ্টা করবে। এ দাবির পক্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় ছবি প্রদর্শনের বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, ‘ডাকসুকে পুরো জামাতিকরণ করেছে শিবির! ডাকসু যেন শিবিরের প্রধান কার্যালয়! আর তার অংশ হিসেবে ডাকসুতে দেশবিরোধী ও ভাষাবিরোধীদের ছবি টাঙিয়েছে জামায়াত-শিবির!’
ডাকসুর সংগ্রহশালায় ছবি প্রদর্শনের প্রসঙ্গে রাশেদ খান বলেন, ছবি টাঙানো হলে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জনগণের হাতে গোলাম আযমের জুতা নিক্ষেপের ছবিও সেখানে রাখা উচিত।
জিন্নাহর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহকে যদি এত ভালো লাগে, তবে বাংলাদেশ ছেড়ে জামায়াত-শিবিরের পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করা উচিত!’
রাশেদ খান আরও প্রশ্ন করেন, ‘বাংলাদেশে থেকে দেশবিরোধী শক্তিকে প্রাসঙ্গিক করার দুঃসাহস জামায়াত-শিবির কোত্থেকে পায়?’
তিনি বলেন, সময় থাকতে এই শক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে তারা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর