ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, জিন্নাহকে গৌরবান্বিত করার উদ্দেশ্যে নয়, বরং বাংলা ভাষার বিরুদ্ধে তাঁর অবস্থানকে ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরতেই সংগ্রহশালায় ছবিটি রাখা হয়েছে।
এস এম ফরহাদ বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন হঠাৎ করে হয়নি। এর আগে ধারাবাহিকভাবে অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছিল। জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং এই অঞ্চলের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে বক্তব্য দিয়েছিলেন। আমরা সেই বক্তব্যের ক্যাপশনসহ তাঁর ছবি দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি জিন্নাহর ছবি না দিতাম, তখন বলা হতো—জিন্নাহ বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেটা আমরা লুকিয়েছি। এখন ছবি ও ক্যাপশন দেওয়ার পর বলা হচ্ছে, ছবি কেন রাখা হয়েছে।’
ডাকসু জিএসের দাবি, সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার মাধ্যমে তাঁকে কোনো ধরনের দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্য ছিল না। বরং বাংলা ভাষার বিরুদ্ধে তাঁর অবস্থান ও বিতর্কিত ভূমিকা তুলে ধরতেই ছবির সঙ্গে প্রয়োজনীয় ক্যাপশন দেওয়া হয়েছে।
এর আগে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তার ছবি এখানে রাখা হবে, এটা মেনে নেওয়া যায় না।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ‘রক্তের গৌরব’ বহনকারী প্রতিষ্ঠান উল্লেখ করে আবু তৈয়ব বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই ডাকসু সংগ্রহশালায় ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর