ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পরিকল্পিত উসকানি’ বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জার্মানির ভোলগাস্ট শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিস্টোরিয়াস বলেন, ইউরোপের মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করতেই রাশিয়া এমন বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোকে এ ধরনের পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবিলা করতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তবে নিজেদের সুরক্ষায় ইউরোপ প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি। পরিস্থিতির আরও অবনতি হলে ইউরোপীয় দেশগুলো পিছিয়ে যাবে না বলেও জানান জার্মান প্রতিরক্ষামন্ত্রী।
পিস্টোরিয়াসের ভাষ্য, পুতিন জেনেশুনেই একটি ‘বিপজ্জনক খেলা’ খেলছেন।
এর আগে রবিবার পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনীয় অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনাটি এমন সময়ে ঘটে, যখন এর কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও কয়েকজন ইউরোপীয় কূটনীতিককে বহনকারী একটি বিশেষ ট্রেন চলাচল করেছিল।
ঘটনাটি ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: রয়টার্স
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর