পুলিশ ও কারা হেফাজতে ‘ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাহউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তানভীরের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ হাসপাতালে গিয়ে তানভীরের শারীরিক অবস্থা দেখে তারা গভীরভাবে মর্মাহত ও হতভম্ব হয়েছেন বলে জানান নাহিদ ইসলাম। এ সময় তানভীরকে দেখতে যাওয়ার একটি ছবিও ফেসবুকে শেয়ার করেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও বিএনপির এক নেতার করা মামলায় গাজী তানভীরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আইনি অধিকার থেকে বঞ্চিত করে জামিন না দিয়ে রিমান্ডে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলামের দাবি, রিমান্ডে থাকা অবস্থায় তানভীরের শরীরে অজ্ঞাত একটি ইনজেকশন পুশ করা হয়। এরপর তার শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। পরে কারা হেফাজতেও তার ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করেন এনসিপির আহ্বায়ক।
এ ছাড়া তানভীরের আইনজীবীর বরাত দিয়ে নাহিদ ইসলাম জানান, গত ১৫ আগস্ট তিনি স্ট্রোক করেন। শারীরিক অবস্থার অবনতি হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বারবার জামিনের আবেদন নাকচ হওয়ার পর অবশেষে উচ্চ আদালত থেকে এক বছরের জামিন পান তানভীর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাহিদ ইসলাম বলেন, অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে। তবে রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে নেওয়ার পর শরীরে অজ্ঞাত ইনজেকশন দেওয়ার অভিযোগ ওঠা এবং এর পর শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।
জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে বর্তমান সরকারের আমলেও সাবেক আওয়ামী লীগ সরকারের সময়কার কারা নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
রিমান্ডে কথিত ইনজেকশনটির পরিচয়, চিকিৎসা এবং তানভীরের শারীরিক অবস্থার বিস্তারিত জানতে সম্পূর্ণ মেডিকেল রেকর্ডের ভিত্তিতে সরকারের কাছে ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন নাহিদ ইসলাম।
একই সঙ্গে তানভীরের ওপর নির্যাতনের অভিযোগকে সরকারের মানবাধিকারবিরোধী অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে অবিলম্বে একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী মানবাধিকার কমিশন গঠনের দাবি জানান তিনি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় সংশোধনী আনারও আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর