গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন নয়, বরং নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীগুলোর ওপর পড়ছে। নদী দূষণের প্রকৃত কারণ চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বুড়িগঙ্গা নদী এখনও একটি বড় চ্যালেঞ্জ। নদী রক্ষায় দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্য তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে গিয়ে পড়ে। এর ফলে প্রতিবছর বাংলাদেশকে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
নদী দূষণ রোধ এবং নদীর পরিবেশ ও পানির প্রবাহ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর