জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে বৃহস্পতিবার পুল ‘এ’-এর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল।
দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। ১৬তম মিনিটে তার গোলে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ ব্যবধানে। তবে দুই মিনিট পরই কুশল ভীরাপ্পোলির গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে শ্রীলঙ্কা।
তৃতীয় কোয়ার্টারে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন আমিরুল ইসলাম। এরপর ৪৩তম মিনিটে মাহবুব হোসেইনের গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।
শেষ কোয়ার্টারেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ৫-১ করেন আশরাফুল ইসলাম। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে টানা দুই হারের ধাক্কা সামলে এশিয়ান গেমসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল দলটি।
তিন ম্যাচে এক জয় ও দুই হার নিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। পুল ‘এ’-তে তারা রয়েছে চতুর্থ স্থানে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বাংলাদেশের সামনে আরও দুটি ম্যাচ। ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর