ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভাইয়ের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন ডিপজল।
মেজো ভাইয়ের অকালমৃত্যুতে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।
আবেগঘন শোকবার্তায় ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। মহান আল্লাহর কাছে ভাইয়ের ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস কামনা করে ডিপজল লেখেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন ডিপজল। মেজো ভাইয়ের একটি ছবি শেয়ার করে তিনি তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। ওই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তার ভাইয়ের সুস্থতা কামনা করে মন্তব্য করেন।
তবে শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ফেরা হলো না আনোয়ার হোসেন আফজালের। তার মৃত্যুতে শোকাহত ডিপজল ও তার পরিবার।
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর