বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে। এ চুক্তিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহযোগিতায় বাংলাদেশ ও তুরস্ক বোয়িংয়ের কাছ থেকে মোট ১১১টি উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প রাখা হয়েছে বলেও জানান তিনি।
নতুন এসব চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের রপ্তানি আয় এবং বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি করেন ট্রাম্প। একই সঙ্গে বোয়িং ও প্রতিষ্ঠানটির কর্মীদের অভিনন্দন জানান তিনি।
এর আগে বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে একটি সম্পূরক চুক্তিতে সই করে বাংলাদেশ।
চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর