জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাহউদ্দিন তানভীর কারাগারে রিমান্ডে থাকাকালে অমানবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
গাজী সালাহউদ্দিনের দাবি, রিমান্ডে নির্যাতনের বিষয়টি বাইরে জানালে তার পরিবারের সদস্যদের গুম করার হুমকি দেওয়া হয়। এ সময় তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দেওয়া এবং শেখ হাসিনাকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছে—এমন প্রশ্ন তুলে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এমনকি চিকিৎসার নামে তাকে অপচিকিৎসা দেওয়া হয়েছে, যার কারণে বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।
সংবাদ সম্মেলনে গাজী সালাহউদ্দিন বলেন, ‘দেশে নতুন করে ফ্যাসিবাদ জন্ম নিতে দেওয়া হবে না।’
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য কমিটি গঠন এবং প্রকৃত ঘটনা তদন্ত করে সামনে আনার দাবি জানান।
এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি ভাড়া বাসা থেকে গাজী সালাহউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে বগুড়া ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান গাজী সালাহউদ্দিন তানভীর।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর