গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণের গভীর সমুদ্র এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে আট জেলেকে নিয়ে মাছ আহরণে যায় একটি ফিশিং বোট। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে অবস্থানকালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি সাগরে ভাসতে থাকে।
পরে ২৪ সেপ্টেম্বর বিকেলে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান। বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চাইলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি পরিচালিত অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, উদ্ধার করা জেলেদের ও ফিশিং বোটটি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। জরুরি প্রয়োজনে এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর