জামাতা মিজানুর রহমানকে ঢাকার মাটিকাটা এলাকা থেকে গ্রেপ্তারের পর এ ঘটনায় প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর।
এক বিবৃতিতে তিনি বলেন, মিজানুর রহমানের গ্রেপ্তার এবং ঘটনাটিকে কেন্দ্র করে ‘আ মা র দেশ’সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আব্দুল গফুর বলেন, কিছু প্রতিবেদনে মিজানুর রহমানকে তার নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। তার ভাষ্য, ঢাকার মাটিকাটা এলাকায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই। তিনি সরকারিভাবে বরাদ্দ করা ‘ন্যাম ভবনে’ থাকেন। প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মিজানুর রহমানের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই দাবি করে সংসদ সদস্য বলেন, বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীরও কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে আব্দুল গফুরের দাবি, মিজানুর রহমানের সঙ্গে ‘নিউ গ্রিন প্রোপার্টিজ’-এর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। প্রতিষ্ঠানটির কাছে মিজানুর রহমানের পাওনা টাকা দীর্ঘদিন বকেয়া ছিল। পাওনা আদায়ে তিনি আইনগত ব্যবস্থা নিয়ে থানায় মামলা করেন। পরে প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম পাওনা টাকার একটি অংশ পরিশোধ করলেও বাকি টাকা না দেওয়ার উদ্দেশ্যে পাল্টা মামলা করেন বলে দাবি করেন তিনি। পরবর্তীতে ওই মামলা খারিজ হয়ে যায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে মিজানুর রহমানের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন আব্দুল গফুর। তার অভিযোগ, বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ‘নিউ গ্রিন প্রোপার্টিজ’-এর মালিক সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন।
আব্দুল গফুর বলেন, একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামী ও তাকে জড়ানো হচ্ছে। তার দাবি, এর মাধ্যমে রাজনৈতিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষের একতরফা বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করা উচিত। একই সঙ্গে ‘আমার দেশ’সহ যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রকাশিত হয়েছে বলে তিনি মনে করেন, সেসব সংবাদ সংশোধন করে প্রকৃত তথ্য প্রকাশেরও দাবি জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর