বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হবে—এটি ‘১২০ শতাংশ নিশ্চিত’ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি বলে জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের মাস বা তারিখ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে, এ বিষয়ে তিনি নিশ্চিত।
তিনি বলেন, সফর নিয়ে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। যথাযথ প্রস্তুতি নিশ্চিত করেই বৈঠক আয়োজন করা উচিত। একই সঙ্গে ভারত চায়, সুবিধাজনক সময়ে দ্রুত দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক।
দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্কে নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে এসবের অনেক বিষয় সমাধানের সুযোগ তৈরি হতে পারে। পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মানুষের যোগাযোগের কথা উল্লেখ করে তিনি পারস্পরিক নির্ভরশীলতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর কিংবা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়নি।
কুশল/সাএ
সর্বশেষ খবর