• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৩ দুপুর

মাঝ আকাশে ইসরায়েলগামী ফ্লাইটে পাইলটদের মারামারি, পাল্টে গেল গন্তব্য

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা করা একটি ফ্লাইটে পাইলটদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আর এরপরই হঠাৎ গতিপথ বদলে সৌদি আরবে চলে গেছে বিমানটি। পরে একাধিক জরুরি সংকেত পাঠানোর পর উড়োজাহাজটি সৌদির তাবুক বিমানবন্দরে অবতরণ করে। তবে ঘটনাটি কোনো ছিনতাই নয়; বরং উড়োজাহাজের ভেতরে পাইলটদের মধ্যে সংঘর্ষের কারণেই জরুরি সংকেত পাঠানো হয়েছিল বলে জানা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, ফ্লাইটের পাইলটদের মধ্যে মারামারির পর জরুরি সংকেত পাঠিয়ে ইসরায়েলগামী বিমানের সৌদি আরবে চলে যাওয়ার বিষয়টি ইসরায়েলি এক কর্মকর্তা বুধবার (৩০ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি দুবাই থেকে উড্ডয়নের পর জর্ডানের আকাশসীমা পেরিয়ে সৌদি আরবের দিকে চলে যায়। এ সময় প্রথমে সাধারণ জরুরি সংকেত পাঠানো হয়। কয়েক মিনিট পর সম্ভাব্য ‘বেআইনি হস্তক্ষেপ’-এর ইঙ্গিত দেয় এমন আরেকটি জরুরি সংকেত পাঠানো হয়।

বোয়িং ৭৩৭ মডেলের এই উড়োজাহাজটি পরে আবার সাধারণ জরুরি সংকেত পাঠায়। এরপর উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনাটিকে ছিনতাইয়ের ঘটনা বলে মনে করা হচ্ছে না। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ফ্লাইদুবাইয়ের।

অবশ্য নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, দুই পাইলটের মধ্যে মারামারির পর তারা জরুরি সংকেত পাঠান। তবে দুই পাইলটের কেউ ইচ্ছাকৃতভাবে ওই সংকেত পাঠিয়েছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

এর আগে তিন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, ফ্লাইটটি নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সামরিক প্রধান আইয়াল জামির বিমানবাহিনীর কমান্ডার ও অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।

ফ্লাইদুবাই প্রতিদিন দুবাই ও তেল আবিবের মধ্যে ফ্লাইট পরিচালনা করে। ইসরায়েলি নাগরিকদের মধ্যে এই রুটটি বেশ জনপ্রিয়। অন্যদিকে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

অন্যদিকে পৃথক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে দুই পাইলটের মধ্যে ‘সহিংস ঘটনা’ ঘটার পর গন্তব্য পাল্টে সেটি সৌদি আরবের দিকে ঘুরিয়ে নেয়া হয়।

সিএনএন পর্যালোচনা করা ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বুধবার দুবাইয়ের স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটি উত্তর-পশ্চিম সৌদি আরবের আকাশে মাত্র দুই মিনিটের কিছু বেশি সময়ে ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায়। অর্থাৎ দুই মিনিটের মধ্যে ফ্লাইটটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে ১৬ হাজার ৬০০ ফুট উচ্চতায় নেমে যায়। এর ১২ মিনিট পর অর্থাৎ সকাল ৯টা ৩২ মিনিটে উড়োজাহাজটি জরুরি সংকেত পাঠায়।

এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি কোনো ছিনতাই ছিল না। তাদের ধারণা, উড়োজাহাজের ভেতরে কর্মীদের মধ্যে একটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনা ঘটেছিল।

ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। জরুরি সংকেত পাঠানোর পর ইসরায়েলি যুদ্ধবিমানও আকাশে পাঠানো হয় বলে সিএনএনকে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]