মিরপুরে উচ্ছেদ অভিযানের সময় দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। ফলে সেখানে সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। একটি-দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক নয়।
চাঁদাবাজদের তালিকা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের তালিকা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ এবং পুলিশের কাছে সবসময়ই চাঁদাবাজ, সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের তালিকা থাকে। এসব তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। নতুন করে কোনো তালিকা তৈরির বিষয় নেই।
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা আরও জোরদার করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রিপল নাইন নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার ও মামলা করছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, কোনো ঘটনায় ব্যবস্থা না নিলে তার দায় পুলিশের ওপর বর্তায়। তবে সংশ্লিষ্ট ঘটনাগুলোতে পুলিশের বা সরকারের কোনো ব্যর্থতা নেই। তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাড্ডা ক্লিনিকের ঘটনায় কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় তাকে সমালোচনা করে মামলা হয়েছে—এমন কোনো তথ্য তার জানা নেই। কোনো এজাহার জমা পড়লে মামলা হিসেবে নথিভুক্ত করার আগে পুলিশ প্রাথমিক তদন্ত করে থাকে। এরপর তা কেস হিসেবে নথিভুক্ত করা হয়।
তিনি আরও বলেন, যিনি মামলা করেছেন বলে দাবি করা হয়েছে, তার নামে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। সংশ্লিষ্ট রিয়েল এস্টেট কোম্পানির পরিচালকই মামলা করেছেন।
চাঁদাবাজির অভিযোগ এবং বিএনপিকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করা কিংবা বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলা হলে তার বিচার জনগণই করবে।
তিনি বলেন, সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদির নিজেও জানিয়েছেন, তার কাছে কোনো চাঁদা চাওয়া হয়নি। এরপরও বিএনপিকে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো ঘটনাটি নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে। নিউগিনি প্রোপার্টিজ কিংবা পাশের জমির সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ জড়িত থাকলে তাকে তদন্তের আওতায় আনা হবে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর