ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব বড় অর্জনই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার—সাফল্যের তালিকা তার দীর্ঘ। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি বিশেষ সম্মান। আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেস (ইউবিএ)।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মেসি। জানা গেছে, ওই ম্যাচের আগেই তাকে এই সম্মাননা দেওয়া হবে। ইউবিএর ইতিহাসে কোনো ক্রীড়াবিদকে এ ধরনের বিশেষ সম্মান দেওয়ার ঘটনা এটিই প্রথম।
মেসিকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়টির রেক্টর রিকার্ডো গেলপি বলেন, শুধু মাঠের পরিসংখ্যান ও পারফরম্যান্স নয়, মেসির ব্যক্তিত্বও তাদের মুগ্ধ করেছে। তার বিনয়, কঠোর পরিশ্রম এবং আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ে অবদানের বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।
রেক্টর আরও বলেন, ফুটবলের বাইরেও সমাজে মেসির যে প্রভাব ও গুরুত্ব তৈরি হয়েছে, সেটিকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে তার অর্জন ও পথচলা সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
মেসিকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের উচ্চপরিষদ সর্বসম্মতভাবে অনুমোদন করেছে। বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, মেসির দীর্ঘ ক্যারিয়ার শ্রেষ্ঠত্ব, বিনম্রতা ও নৈতিকতার উদাহরণ। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি মেসির দীর্ঘদিনের দায়বদ্ধতাকেও বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইউবিএ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় খেলাধুলায় অসাধারণ অবদান রাখা এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা ব্যক্তিদের সম্মানসূচক ডিগ্রি দিয়ে থাকে। এবার সেই স্বীকৃতির ধারায় যুক্ত হচ্ছে মেসির নাম।
বেনিনের বিপক্ষে ৬ অক্টোবরের ম্যাচটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। জাতীয় দলের হয়ে এটিই তার শেষ ম্যাচ বলে জানানো হয়েছে। মেসির বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল। বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ জাতীয় দলের হয়ে একের পর এক সাফল্য এবং ব্যক্তিগত অসংখ্য পুরস্কারের পর এবার তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হচ্ছে আরেকটি মর্যাদাপূর্ণ অর্জন—সম্মানসূচক ‘ডক্টর’ উপাধি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর