কিশোরদের নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতে নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে সন্তানের প্রোফাইলের গোপনীয়তা, গ্রুপ, স্ট্যাটাস, চ্যানেল ও মেটা এআই ব্যবহারের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো সম্পূর্ণ ঐচ্ছিক। অভিভাবক ও কিশোররা একসঙ্গে এসব সেটিংস চালু করতে পারবেন। তবে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সন্তানের ব্যক্তিগত চ্যাট বা ফোনকল দেখার কিংবা শোনার সুযোগ থাকবে না।
প্রোফাইল ও গ্রুপে নিয়ন্ত্রণ
নতুন সুবিধায় অভিভাবকরা নির্ধারণ করে দিতে পারবেন, কিশোরের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন এবং কারা তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারবেন। কিছু সেটিংস পরিবর্তনের ক্ষেত্রে অভিভাবকের অনুমোদন ও পিনের প্রয়োজন হতে পারে।
কিশোর কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হলে অভিভাবকের কাছে নোটিফিকেশন যাওয়ার ব্যবস্থাও থাকছে। কোনো গ্রুপের সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও সতর্কবার্তা পেতে পারেন অভিভাবকেরা।তবে এসব নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপের বার্তা পড়ার সুযোগ থাকবে না। সন্তানের ব্যক্তিগত মেসেজ ও কল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।
স্ট্যাটাস ও চ্যানেলেও নিয়ন্ত্রণ
কিশোর কোন কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করতে পারবে, সেটিও নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। চাইলে কিশোর নিজে কোনো চ্যানেল তৈরি করতে পারবে কি না, সেই সেটিংসও নিয়ন্ত্রণ করা যাবে।
এ ছাড়া কিশোর কার স্ট্যাটাস দেখতে পারবে এবং কারা তার স্ট্যাটাস দেখতে পারবে—সেটিও নির্ধারণ করে দিতে পারবেন অভিভাবকেরা।
মেটা এআই ব্যবহারে নিয়ন্ত্রণ
নতুন অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থায় মেটা এআই ব্যবহারের বিষয়টিও রাখা হয়েছে। কিশোরের জন্য অভিভাবকেরা সাধারণ ‘১৩+’ সেটিং বেছে নিতে পারবেন। চাইলে আরও সীমিত কনটেন্টের ‘লিমিটেড কনটেন্ট’ অপশনও চালু করা যাবে।
ব্যক্তিগত চ্যাট দেখতে পারবেন না অভিভাবকেরা
নতুন ফিচারের গুরুত্বপূর্ণ দিক হলো, এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানের ব্যক্তিগত মেসেজ পড়তে বা ফোনকল শুনতে পারবেন না। এসব যোগাযোগ আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতায় থাকবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো ধীরে ধীরে ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। ফলে সব পরিবারে একই সময়ে এসব ফিচার পাওয়া নাও যেতে পারে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর