পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের অন্যতম পবিত্র স্থানকে ঘিরে এমন হামলা মেনে নেওয়া যায় না বলেও উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।
এর আগে সৌদি-নেতৃত্বাধীন জোট দাবি করে, ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি মদিনার একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে। ওই কেন্দ্র থেকেই ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
জোটের দাবি, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়ে। তবে এতে মদিনার সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় কোনো প্রভাব পড়েনি।
তবে হুথি হামলার অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে তারা কোনো হামলা চালায়নি।
এ অবস্থায় হামলার দায় নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকলেও পবিত্র মদিনায় বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
কুশল/সাএ
সর্বশেষ খবর