সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে হুথিরা জানায়, ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য প্রদেশে সৌদি আরবের হামলার প্রতিশোধ হিসেবে রিয়াদের আরামকো স্থাপনায় এ হামলা চালানো হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রিয়াদে আরামকোর একটি স্থাপনার আশপাশ থেকে ধোঁয়া ও আগুনের বড় কুণ্ডলী উঠতে দেখা গেছে। ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।
তবে আরামকোর স্থাপনায় হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আরামকোর কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হুথিদের দাবি, সৌদি আরব ও তাদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত আরও তীব্র হয়েছে। এর মধ্যে সৌদি শহর ও দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুথিরা হামলা বাড়িয়েছে।
এর আগে গত সপ্তাহেও ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। তবে সে সময় সৌদি আরব জানিয়েছিল, ইয়ানবু ও তাইফের দিকে হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আরামকোর স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির কথা তখন জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
রয়টার্স জানিয়েছে, শনিবারের ঘটনাটি নিয়ে হুথিদের দাবি এবং রিয়াদে ধোঁয়া ও আগুন দেখা যাওয়ার তথ্য পাওয়া গেলেও হামলার ধরন বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর