মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো, পরিচিতি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার বিষয়টি নিয়ে সতর্ক করেছে অধিদপ্তর। এসব অননুমোদিত পেজ ও গ্রুপ থেকে বিভ্রান্তিকর ও অনুমোদনহীন তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে মাউশি।
এ ধরনের পেজ ও গ্রুপ বন্ধ করতে সংশ্লিষ্টদের সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম বন্ধ না করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
রোববার মাউশির উপপরিচালক শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি মাউশির নজরে এসেছে—বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর’, ‘মাউশি’, ‘Directorate of Secondary and Higher Education-DSHE’সহ অনুরূপ নাম, পরিচিতি, লোগো, প্রতীক ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপ পরিচালনা করছেন।
তবে এসব পেজ বা গ্রুপের কোনোটিই মাউশি কর্তৃক অনুমোদিত বা পরিচালিত নয়। অধিদপ্তর জানিয়েছে, ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ নামে তাদের একটি অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। এর বাইরে মাউশির আর কোনো অনুমোদিত ফেসবুক পেজ নেই।
মাউশি আরও জানিয়েছে, অননুমোদিত এসব পেজ ও গ্রুপ থেকে অনুমোদনহীন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরির পাশাপাশি অধিদপ্তরের দাপ্তরিক পরিচয় ও কার্যক্রম নিয়ে ভুল ধারণা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ কারণে বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে মাউশির পূর্বানুমোদন ছাড়া অধিদপ্তরের নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত সব ফেসবুক পেজ ও গ্রুপের কার্যক্রম বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের পরও কেউ অননুমোদিতভাবে অধিদপ্তরের নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা অব্যাহত রাখলে অতিরিক্ত কোনো সতর্কীকরণ ছাড়াই তার বিরুদ্ধে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর