ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
রবিবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিম চন্দ্র ভৌমিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ মেয়ে-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক-এর পরলোকগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, প্রয়াত নিম চন্দ্র ভৌমিক 'বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ'-এর অন্যতম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান অন্যতম সভাপতি ছিলেন। এছাড়াও তিনি 'মহানগর সার্বজনীন পূজা কমিটি' এবং 'বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ' এর সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, 'বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি'-এর আহ্বায়ক, 'বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ'-এর প্রধান উপদেষ্টা এবং দ্য এশিয়ান এজ পত্রিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর