বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা।
সোমবার (৫ অক্টোবর) সকালে অটোরিকশাচালকরা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অবস্থানের কারণে প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কেও। ফলে বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
বিক্ষোভকারীরা জানান, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন। সংযোগ না থাকায় ব্যাটারি চার্জ দিতে পারছেন না। ফলে অটোরিকশা চালাতে না পেরে তাদের আয়-রোজগারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
চালকরা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে তারা জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে।
তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন অটোরিকশাচালকরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর