পটুয়াখালীর কুয়াকাটায় আগামী ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পর্যটন কার্নিভাল ২০২৬’। দেশের অন্যতম বৃহৎ এ পর্যটন আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে মেগাস্টার শাকিব খানসহ একঝাঁক তারকা ও জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা থাকছে বলে জানা গেছে।
কার্নিভালকে সামনে রেখে রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
সভায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান বলেন, পূজার ছুটিকে কেন্দ্র করে আয়োজিত এ পর্যটন কার্নিভালে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তিনি বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করা এবং দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতেই এ ধরনের বড় আয়োজন করা হচ্ছে।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা করছেন, পর্যটন কার্নিভালকে ঘিরে কুয়াকাটায় বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটবে এবং এর মাধ্যমে স্থানীয় পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর