সড়ক পরিবহণ খাতে দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সড়ক খাতে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহণ শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সড়ক পরিবহণ খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা দূর করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নতুন নেতৃত্ব পরিবহণ খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে সোচ্চার থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সাধারণ পরিবহণ শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নেও নতুন কমিটিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
পরিবহণ খাতের আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে এ খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহণ ব্যবস্থাকে আইনসঙ্গত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রয়োজন রয়েছে।
গত সময়ের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।
এর আগে জাতীয় সড়ক পরিবহণ শ্রমিক সংগঠনের নতুন সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও মিছিল নিয়ে সমাধিতে উপস্থিত হন।
পরে রুহুল কবির রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর