পায়রা নদীতে জাল ও মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে নিখোঁজ জেলে ওমর আলী গাজীর (৫৫) মরদেহ গত ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকায় পায়রা নদীতে তিনি নিখোঁজ হন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানেও তার সন্ধান মেলেনি।
জানা যায়, ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা মানতেই নদী থেকে জাল তুলতে গিয়েছিলেন ওমর আলী। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান তিনি।
নিখোঁজ ওমর আলী আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের লোচা গ্রামের বাসিন্দা।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার গোলাম মোস্তফা বলেন, "গতকাল থেকে আমরা পায়রা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত মরদেহ পাওয়া যায়নি, অভিযান চলমান রয়েছে।"
আমতলী থানার অফিসার ইনচার্জ ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, "নিখোঁজ জেলের পরিবারের সাথে পুলিশ যোগাযোগ রাখছে। উদ্ধার অভিযানে পুলিশ সহায়তা করছে।"
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর