জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়ার জেরে রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে। পাশাপাশি দিনদুপুরে ওই প্রজেক্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডল নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কালাম মন্ডল উপজেলার যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ ভেসে উঠে মারা যায়। এর আগে মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে প্রজেক্টে হামলা চালিয়ে পুকুরের সীমানা ঘের ভেঙে ফেলা হয়।
ভুক্তভোগী আসাদ মন্ডল অভিযোগ করেন, ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় দুই বিঘা জমির উপর একটি মাছের প্রজেক্ট গড়ে তোলেন। সম্প্রতি স্থানীয় যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল প্রজেক্টের ভেতরে ১০ শতক জমি কেনা রয়েছে দাবি করেন। এ নিয়ে রাজবাড়ী কোর্টে একটি মামলা চলমান থাকলেও তারা জমির অজুহাতে বিভিন্ন সময় মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নানাভাবে হয়রানি শুরু করেন।
তিনি আরও জানান, এরই জেরে গত মঙ্গলবার সকালে বহিরাগতদের নিয়ে প্রজেক্টে হামলা চালিয়ে সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা যাওয়ার সময় দেখে নেওয়ার হুমকি দেয় এবং ওই রাতেই পুকুরে বিষ প্রয়োগ করে।
প্রজেক্টের কর্মচারী সুমন মন্ডল বলেন, "পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে উঠেছে। এতে শুধু প্রজেক্ট মালিক ক্ষতিগ্রস্ত হননি, আমরা যারা প্রায় ২০ জন লোক এখানে কাজ করতাম সবাই কর্মহীন হয়ে পড়েছি। আমরা এ বর্বরতার সঠিক বিচার চাই।"
অভিযোগের বিষয়ে জানতে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকের বাড়িতে যাওয়া হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।
পাংশা মডেল থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর