ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা তৈরি এবং জনকল্যাণমুখী কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
শুক্রবার (৯ অক্টোবর) পটুয়াখালী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জুমার নামাজের আগে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি ইসলামি মূল্যবোধের আলোকে মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশে পানি জমে আছে কি না, তা নিয়মিত দেখতে হবে। জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। গুজবে কান না দিয়ে বা অবহেলা না করে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি পটুয়াখালীবাসীর সার্বিক কল্যাণে সবাইকে সচেতন, দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের অনুরোধ করেন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী জেলাড অন্যান্য মসজিদেও জুমার খুতবা ও আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে বলেও জানা গেছে।
এর আগে জুমার খুতবার আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি মা ইলিশ রক্ষায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানান মসজিদের খতিব মাওলানা তানভীর ইসলাম।
জুমার নামাজ শেষে ডেঙ্গু পরিস্থিতি থেকে পটুয়াখালীবাসীসহ দেশবাসীর সুরক্ষা, আক্রান্ত ব্যক্তিদের দ্রুত সুস্থতা এবং সবার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর