• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ সকাল

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ৯

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে ভয়াবহ বন্দুক হামলায় দুই শিশুসহ একই পরিবারের আটজনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহতদের মধ্যে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন। হত্যাকাণ্ডের পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।

স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর বিবিসির।

এরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ ঘটনাটিকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ২৮ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে এমন ভয়াবহ ঘটনা কখনো দেখেননি। এরি শহরে এর আগে এত বড় ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনা ঘটেছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে পুলিশপ্রধান জানান, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরে দুই নারীর মরদেহ দেখতে পায় পুলিশ। পরে বাড়ির ভেতরে বন্দুকধারীসহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকিরা পরস্পরের আত্মীয় ছিলেন।

হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এর পেছনে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন পুলিশপ্রধান।

শনিবার এক সংবাদ সম্মেলনে রিক লোরাহ জানান, তদন্তকারীরা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। ফুটেজে দেখা যায়, বাড়ির বাইরে নিহত ৫১ ও ৩৭ বছর বয়সী দুই নারী সেখানে পৌঁছে প্রতিবেশীদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেন। তাদের একজন পরিবারের আত্মীয় এবং অন্যজন পারিবারিক বন্ধু ছিলেন।

পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, ভিডিওতে অস্পষ্ট গুলির শব্দ শোনা যায়। এরপর বন্দুকধারী বাড়ি থেকে বেরিয়ে এসে ওই দুই নারীকে গুলি করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সেখানে প্রবেশ করে।

বাড়ির নিচতলায় পাঁচ ও এক বছর বয়সী দুই শিশুর মরদেহ পাওয়া যায়। দ্বিতীয় তলা ও সিঁড়ির কাছে উদ্ধার করা হয় ২৪ ও ৪৪ বছর বয়সী দুই নারী এবং ১৯ ও ২১ বছর বয়সী দুই পুরুষের মরদেহ। সেখানে বন্দুকধারীর মরদেহও পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে রিক লোরাহ বলেন, ‘কিছু দৃশ্য ঘটনাস্থল ছেড়ে আসার অনেক পরেও মানুষের মনে গেঁথে থাকে। এটি তেমনই একটি দৃশ্য।’

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। তিনি বলেন, এরিতে ঘটে যাওয়া মর্মান্তিক বন্দুক হামলায় প্রাণ হারানো নয়জনের পরিবারের পাশে দাঁড়াতে তার প্রশাসন পূর্ণ সহযোগিতা দেবে।

গভর্নর আরও বলেন, ‘এই পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]