নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ল্যাপটপটি তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। পাশাপাশি বাংলাদেশ ভ্রমণে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও জানান তিনি।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ৭ অক্টোবর বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগ চুরির শিকার হন ক্রিল ল্যান্ডার। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ব্যাগটি রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে ওই ব্যক্তি ও ব্যাগের কোনো খোঁজ পাননি। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কোনো কর্মকর্তা নন।
এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ক্রিল। এরপর নাটোর সদর থানা-পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে গঠিত একাধিক দল চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে তাঁর ম্যাকবুক ল্যাপটপটি উদ্ধার করা হয়।
বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে দ্রুত ও পেশাদার পুলিশি সেবা নিশ্চিত করা, দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের জন্য পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন।
এদিকে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে ক্রিলের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর পাশে দাঁড়ান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তি মাহমুদ। গত ১০ অক্টোবর রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী এই জার্মান পর্যটকের হাতে একটি ম্যাকবুক তুলে দেন তিনি।
মুক্তি মাহমুদ জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে তরুণ পর্যটক যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন, সেটিই ছিল তাঁর উদ্দেশ্য।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর